সিংড়ায় মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার,ব্যবসায়ীকে জরিমানা

  • নাটোর প্রতিনিধি
  • ২০২৬-০৩-০৭ ২১:২৬:০৮
image

নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে লুকিয়ে রাখা পানির ট্যাংক থেকে অবৈধভাবে মজুদ করা প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশে তেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ মার্চ) বিকালে উপজেলার থানা মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
অভিযুক্ত ব্যবসায়ী মো. রুবেল (৩৪) উপজেলার ভাটোপাড়া মহল্লার বাসিন্দা এবং থানা মোড় এলাকার জ্বালানি তেলের দোকান ‘সততা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে একটি বাঁশঝাড়ে মাটির নিচে থাকা পানির ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়।
অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
অভিযান শেষে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যেন এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রশাসন তৎপর রয়েছে।
তিনি আরও জানান, স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং বাজারে তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কী-ওয়ার্ডঃসিংড়া অভিযান,জ্বালানি তেল মজুদ,ভ্রাম্যমাণ আদালত অভিযান