মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে: জাতিসংঘ মহাসচিব

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-০৭ ১৪:৩৬:০৯
image

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান বেআইনি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেছেন, সংঘাত বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
শুক্রবার জাতিসংঘ থেকে বার্তা সংস্থা থেকে বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী। এর জবাবে ইরানও ইসরাইল ও উপসাগরীয় বিভিন্ন দেশে পাল্টা হামলা চালিয়েছে। ওয়াশিংটনের দাবি, তেহরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি প্রতিহত করতেই এই সামরিক অভিযান চালানো হয়েছে।
তবে চলমান এই হামলা–পাল্টা হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন।
এদিকে গুতেরেস বলেন, মধ্যপ্রাচ্য ও এর বাইরের অঞ্চলে চলমান সব বেআইনি হামলা ওই অঞ্চলের সাধারণ মানুষের জন্য ভয়াবহ দুর্ভোগ ও ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি সতর্ক করে বলেন, এই সংঘাত বিশ্ব অর্থনীতির জন্যও বড় ঝুঁকি তৈরি করছে, বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে।
তিনি আরও বলেন, এখন সময় লড়াই বন্ধ করে গুরুত্বের সঙ্গে কূটনৈতিক আলোচনায় বসার।
এদিকে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার বলেছেন, চলমান যুদ্ধে ধ্বংসযজ্ঞ চালাতে প্রতিদিন প্রায় ১০০ কোটি ডলার ব্যয় হচ্ছে, যা রেকর্ড পরিমাণ। অথচ একই সময়ে অসহায় মানুষের জন্য বরাদ্দ সহায়তা তহবিল কমিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।
ফ্লেচার আরও বলেন, প্রযুক্তির অপব্যবহার এবং বিচারহীনভাবে মানুষ হত্যার এক ভয়াবহ সমন্বয় বর্তমানে দেখা যাচ্ছে। মানুষের ধ্বংসাত্মক প্রবৃত্তি ও বেপরোয়া যুদ্ধ ঠেকাতে যে আন্তর্জাতিক আইন ও ব্যবস্থা রয়েছে, সেগুলোর ওপরও লাগাতার আঘাত করা হচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, এই সংঘাতের ফলে বৈশ্বিক বাজার ব্যবস্থা ও সরবরাহ শৃঙ্খল ব্যাহত হচ্ছে। খাদ্যপণ্যের দাম বাড়ছে এবং এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে অসহায় মানুষের ওপর।

কী-ওয়ার্ড:মধ্যপ্রাচ্য সংঘাত,জাতিসংঘ সতর্কতা,বিশ্ব অর্থনীতি ঝুঁকি