সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে দেশটির সামরিক বাহিনী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি প্রিন্স সুলতান এয়ারবেস-কে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। তবে সেগুলো লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই আকাশে প্রতিহত করে ধ্বংস করা হয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ক্ষেপণাস্ত্র কোথা থেকে ছোড়া হয়েছিল বা এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও কিছু জানানো হয়নি।
এর আগে শনিবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশের দক্ষিণাঞ্চলে সৌদি বাহিনী চারটি ড্রোন এবং একই বিমানঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের হামলা ও প্রতিরোধের ঘটনা নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে।
কী-ওয়ার্ডঃসৌদি আরব ক্ষেপণাস্ত্র হামলা,প্রিন্স সুলতান বিমানঘাঁটি,মধ্যপ্রাচ্য নিরাপত্তা উত্তেজনা