সাইন্সল্যাবে ট্রাকের ধাক্কায় গণপূর্ত কর্মকর্তা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০৩-০৭ ০৩:৪৪:৩৯
image

রাজধানীর সাইন্সল্যাব এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক গণপূর্ত কর্মকর্তা ও তার মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত প্রায় ১১টার দিকে ঢাকার সাইন্সল্যাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার উপপরিদর্শক মাহমুদুল।
নিহতরা হলেন সাজু আহমেদ সুমন (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা (২০)। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাজু আহমেদ সুমনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মোটরসাইকেলে করে সাইন্সল্যাব এলাকা দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন বাবা-মেয়ে।
উদ্ধার করে তাদের দ্রুত ঢাকা মাডিকেল কলেজ হাসপাতালে-এ নেওয়া হলে চিকিৎসক সুমাইয়া আহমেদ তৃষাকে মৃত ঘোষণা করেন। এর আগেই ঘটনাস্থলেই মারা যান সাজু আহমেদ সুমন।
পুলিশ সূত্রে জানা গেছে, সাজু আহমেদ সুমন সেগুনবাগিচায় অবস্থিত গণপূর্ত বিভাগে কর্মরত ছিলেন। তার মেয়ে তৃষা একজন শিক্ষার্থী। নিহত সাজুর বাবার নাম আশরাফ উদ্দিন। তাদের বাসা রাজধানীর দক্ষিণ শাহজাহানপুর এলাকায়।
ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

কী-ওয়ার্ডঃসাইন্সল্যাব সড়ক দুর্ঘটনা,ঢাকা ট্রাক দুর্ঘটনা,গণপূর্ত কর্মকর্তা নিহত