উত্তরার বাসা বিস্ফোরণ: নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ, নিবিড় পরিচর্যা প্রয়োজন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-০৬ ১৪:২০:৪৪
image

রাজধানীর উত্তরার কামারপাড়ায় শুক্রবার (৬ মার্চ) ভোরে একটি বাসায় গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তারা সবাই পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনা ১০ নম্বর সেক্টর কবরস্থান রোডে আবুল কালামের ভবনের দ্বিতীয় তলায় ঘটে। দগ্ধরা হলেন-রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), তাদের কন্যা রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগনি আয়েশা (১৯) এবং রুবেল (৩৫)।
দগ্ধদের স্বজন সাজেদ মাতব্বর জানান, দ্বিতীয় তলায় বসবাসকারী রুবেল-সোনিয়া দম্পতি। রুবেল মোটরসাইকেল রাইড শেয়ার করেন। এনায়েত সম্প্রতি দেশে ফিরেছেন এবং পরিবারসহ রুবেলের বাসায় বেড়াতে এসেছিলেন। বিস্ফোরণের সময় বিকট শব্দে প্রতিবেশীরা বেরিয়ে দেখেন ভবনের নিচ তলা ও দ্বিতীয় তলার দেয়াল ধ্বংস হয়ে গেছে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রোজা ১৮ শতাংশ, সোনিয়া আক্তার ১০০ শতাংশ, রুবেল ৩২ শতাংশ, জুনায়েদ ২৪ শতাংশ, এনায়েত আলী ৪৫ শতাংশ, দেলেরা খাতুন ১৪ শতাংশ, হাবিব ১৯ শতাংশ, আয়েশা ১২ শতাংশ এবং রিয়া আক্তার ৩২ শতাংশ দগ্ধ হয়েছেন। সোনিয়া আক্তারসহ দগ্ধদের একটি অংশকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার করা হয়েছে, বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে আরও কয়েকজনকেও নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হবে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিস্ফোরণটি গ্যাস পাইপ লাইনের লিকেজ থেকে হয়েছে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।

কী-ওয়ার্ডঃউত্তরা বিস্ফোরণ,গ্যাস লিকেজ দুর্ঘটনা,জাতীয় বার্ন ইনস্টিটিউট