ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ ও এজেডএম জাহিদ হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তারেক রহমান।
অনুষ্ঠানে তারেক রহমানের কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধি-বিধান নবনির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হবে। পাশাপাশি অভিজ্ঞ সংসদ সদস্যরা নতুনদের কাছে তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরবেন।
বিএনপি নেতারা বলেন, সংসদ কার্যকরভাবে পরিচালনা এবং সরকার ও সরকারি দলের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন। অধিবেশনকে সামনে রেখে নতুন এমপিদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে প্রস্তুত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মশালায় সংসদ কার্যকর করতে সাংসদ ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করবেন সংসদ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীণ সংসদ সদস্যরা।
দু’দিনব্যাপী এই কর্মশালার প্রথম দিনের সকালের অধিবেশনে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেন। বিকেলে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একটি অংশের এমপিরা অংশ নেবেন। শেষদিন শনিবার সকালে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি এমপিরা এবং বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেবেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মোট ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। ফলে নতুন এমপিদের সংসদীয় বিধিবিধান ও কার্যপ্রণালী সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
দলের এক জ্যেষ্ঠ নেতা জানান, কর্মশালায় কীভাবে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করতে হয়, বিল প্রণয়ন ও পর্যালোচনা করে সংসদে আলোচনা করতে হয়, নিজ নিজ নির্বাচনী এলাকার সমস্যা সংসদে তুলে ধরতে হয় এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কীভাবে আলোচনা করতে হয়—এসব বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি সংসদ অধিবেশনে এমপিদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
কী-ওয়ার্ড: বিএনপি কর্মশালা, ত্রয়োদশ জাতীয় সংসদ, নতুন এমপি প্রশিক্ষণ