জ্বালানি সাশ্রয়ে ১১ দফা কঠোর নির্দেশনা জারি করল মন্ত্রিপরিষদ বিভাগ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-০৫ ১৮:৫৪:০৫
image

বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে দেশের সব সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশনের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বৃহস্পতিবার সাধারণ অধিশাখা থেকে জারিকৃত নির্দেশনার কপি সকল মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে এবং দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তাদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে আরও দায়িত্বশীল ও সাশ্রয়ী আচরণ নিশ্চিত করতে হবে।

১১ দফা নির্দেশনার মূল বিষয়গুলো:
১. পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করে জানালা-দরজা খুলে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।
২. বিদ্যমান আলোর অর্ধেক ব্যবহার এবং অতিরিক্ত লাইট পরিহার করতে হবে।
৩. প্রয়োজন ছাড়া লাইট, ফ্যান, এসি ও অন্যান্য যন্ত্রপাতি চালু রাখা যাবে না।
৪. এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে।
৫. কক্ষ ত্যাগের সময় বাতি, ফ্যান ও এসি বন্ধ নিশ্চিত করতে হবে।
৬. করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো বন্ধ রাখতে হবে।
৭. বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।
৮. অফিস শেষে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সব সরঞ্জাম সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।
৯. সব ধরনের আলোকসজ্জা পরিহার করতে হবে।
১০. সরকারি গাড়ির ব্যবহার সীমিত রাখতে হবে।
১১. জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে, প্রতিটি দপ্তর ও সংস্থাকে তাদের অধীনস্থ অফিসগুলোতে নির্দেশনাগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

কী-ওয়ার্ড:বিদ্যুৎ সাশ্রয় নির্দেশনা,জ্বালানি সংকট,সরকারি দপ্তর ১১ দফা