চার সাবেক উপদেষ্টার ব্যাংক হিসাব চেয়েছে বিএফআইইউ,তিন কর্মদিবসে তথ্য জমার নির্দেশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-০৫ ১৪:১৯:৪৪
image

অন্তর্বর্তী সরকারের সাবেক তিন উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। মঙ্গলবার ৩ মার্চ দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।
চিঠিতে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর ব্যক্তিগত ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। তাদের অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কি না, তা যাচাই করতে তদন্ত কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।
বিএফআইইউ ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের হিসাবসংক্রান্ত সব তথ্য নথিভুক্ত করে সংস্থায় পাঠাতে হবে।
অন্তর্বর্তী সরকারে সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানিসম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ফাওজুল কবির খান ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ এবং যোগাযোগ উপদেষ্টা। আদিলুর রহমান খান গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টার দায়িত্বে ছিলেন। খোদা বখস চৌধুরী দায়িত্বে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট কাজে।
এর আগে দুর্নীতির অভিযোগ ওঠার পর সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ও পরিবারের ব্যাংক হিসাব প্রকাশ করেন। তিনি বলেন, তার হিসাব তলব নিয়ে রহস্য তৈরির চেষ্টা হচ্ছিল, তাই তিনি আগেই বিষয়টি পরিষ্কার করেছেন।

কী-ওয়ার্ডঃবিএফআইইউ তদন্ত,ব্যাংক হিসাব তলব,সাবেক উপদেষ্টা