সচিবালয়ে লাইট-এসি কমিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের নজির, দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-০৫ ১৩:৫৫:২০
image

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজ দফতর থেকেই এ উদ্যোগের সূচনা করেছেন।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী নিজের কক্ষের ৫০ শতাংশ লাইট বন্ধ করে দেন এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রিতে নির্ধারণ করেন, যাতে বিদ্যুৎ খরচ কম হয়।
এছাড়া মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকে প্রবেশের পরও তিনি কক্ষের অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা কমিয়ে দেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর দফতর হিসেবে ব্যবহৃত সচিবালয়ের ১ নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগসহ তাঁর অধীনস্থ বিভিন্ন বিভাগ রয়েছে। তাঁর উদ্যোগের পরপরই দফতরের অন্যান্য কক্ষেও একইভাবে লাইট ও এসির ব্যবহার সীমিত করা হয়।
প্রধানমন্ত্রী দেশের সব মন্ত্রণালয়, সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল ও বিপণিবিতানসহ সব প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানান। তিনি দিনের বেলায় অপ্রয়োজনীয় লাইট বন্ধ রেখে জানালার পর্দা সরিয়ে প্রাকৃতিক আলো ব্যবহারেরও পরামর্শ দেন।

কী-ওয়ার্ডঃবিদ্যুৎ সাশ্রয় উদ্যোগ,সচিবালয় নির্দেশনা,প্রধানমন্ত্রীর আহ্বান