ময়মনসিংহ বিভাগে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের সদস্যদের মাঝে ৫ কোটি ২৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ট্রাস্টি বোর্ড।
বুধবার ৪ মার্চ সকালে ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের চার জেলার মোট ১৩৩ জন ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের হাতে চেক তুলে দেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
আহত আবেদনকারীদের প্রত্যেককে ১ থেকে ৩ লাখ টাকা এবং নিহতদের পরিবারের সদস্যদের ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। জেলা ভিত্তিক হিসাবে ময়মনসিংহ জেলায় ৭৬টি চেকের বিপরীতে ৩ কোটি ৪ লাখ টাকা, জামালপুরে ৩৫ জনকে ১ কোটি ২৭ লাখ টাকা, নেত্রকোনায় ১৮ জনকে ৭৮ লাখ টাকা এবং শেরপুরে ৪ জনকে ২০ লাখ টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব। দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগ আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। ভুক্তভোগীদের দ্রুত সহায়তা পৌঁছে দিতে ট্রাস্টি বোর্ড নিয়মিতভাবে কাজ করছে বলেও জানান তিনি।
জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরটিএর সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাসহ মোটর মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কী-ওয়ার্ড:বিআরটিএ সহায়তা,সড়ক দুর্ঘটনা ক্ষতিপূরণ,ময়মনসিংহ বিভাগ