চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমির মালিকানা নিয়ে বিবাদমান দুটি পক্ষের মধ্যে এক পক্ষের বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ এবং ওই নির্মাণাধীণ বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে কেউ হতাহত না হলেও উত্তেজনা, আতংকের সৃষ্টি হয়েছে এবং দুই পক্ষই এক অপরকে দায়ী করে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামে শহিদুল ইসলামের স্ত্রী তাজকেরা বেগম(৬০) নিজ ভোগদখলীয় জমিতে পাকা বাড়ি নির্মাণ করছেন। ওই জমির মালিকানা নিয়ে তাঁর আত্মীয় মো. শামসুল(৬০) সহ তাঁর কয়েক ভাইয়ের সাথে তাঁর পূর্বে বিরোধ রয়েছে। এমনকি এ নিয়ে আদালতে মামলাও রয়েছে।
এ অবস্থায় নির্মাণকাজ চলার এক পর্যায়ে গত মঙ্গলবার(৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ওই বাড়ির ঠিক সামনে নির্মাণ সামগ্রী রাখার স্থানে অন্তত: ২টি ককটেলের বিস্ফোরন ঘটায় দূবৃত্তরা। পরে ৮/১০ জন ওই বাড়িতে ঢুকে শাটারিং নষ্ট করে ক্ষতিসাধণ করে। তবে এ সময় ভয়ে বাড়িতে থাকা তাজকেরার পরিবারের কেউ সামনে এগিয়ে এসে বাধা দিতে পারেন নি।
বুধবার(৪ মার্চ) সকালে এ ঘটনায় তাজকেরা শামসুল দিংকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দেন। পরে শামসুলও এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ন কবির বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তানুয়ায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় এখনও কেউ আটক হয় নি বলেও জানান ওসি।