ঈদের আগে বেতন-বোনাস ও তাজরিন ক্ষতিপূরণের দাবিতে প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকদের প্রতিবাদ

  • মোঃ মাকসুদুর রহমান
  • ২০২৬-০৩-০৪ ২১:৩৫:০৪
image

৪ মার্চ ২০২৬ বুধবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর সামনে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মোঃ নূরে আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফার সঞ্চালনায় কর্মসূচিটি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, আগামী ১২ মার্চের মধ্যে মার্চ মাসের পূর্ণ বেতন এবং এক মাসের মজুরির সমপরিমাণ ঈদ বোনাস পরিশোধ করতে হবে। তারা বলেন, প্রতি বছর ঈদুল ফিতরকে সামনে রেখে পোশাক শিল্পের কিছু মালিকপক্ষ বেতন-বোনাস প্রদানে গড়িমসি করে, যার ফলে শ্রমিকরা পরিবার-পরিজনের জন্য কেনাকাটা ও উৎসব প্রস্তুতিতে ভোগান্তিতে পড়েন। যেহেতু ১৯ মার্চ ঈদুল ফিতর পালিত হওয়ার কথা, তাই মার্চ মাসের পূর্ণ মজুরি অগ্রিম পরিশোধ, নির্ধারিত সময়ের মধ্যে বোনাস প্রদান এবং উৎসব ছুটি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের ছাঁটাই বা হয়রানি না করার আহ্বানও জানানো হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, সাভারে অবস্থিত তাজরিন ফ্যাশন-এ অগ্নিকাণ্ডের ১৪ বছর পার হলেও আহত শ্রমিকদের অনেকে এখনো পর্যাপ্ত ক্ষতিপূরণ পাননি। তারা অবিলম্বে আহতদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ, উন্নত চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রমিক সংগঠন ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।