ইসলামাবাদ-কাবুল মুখোমুখি সংঘাতে, অপারেশন গজব লিল-হা ঘিরে পাল্টাপাল্টি দাবি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-০১ ০৩:৩৫:৪৮
image

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তজুড়ে। দীর্ঘদিনের টানাপোড়েন সরাসরি সশস্ত্র সংঘাতে রূপ নিয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। শনিবার পাকিস্তান কর্তৃপক্ষের বরাতে জানানো হয়, চলমান অপারেশন গজব লিল-হা অভিযানে এখন পর্যন্ত অন্তত ৩৩১ জন আফগান তালেবান ও তাদের মিত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, এ ছাড়া প্রায় ৫০০ তালেবান সদস্য আহত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, পাকিস্তানি বাহিনীর অভিযানে ১০৪টি সামরিক চৌকি ধ্বংস হয়েছে এবং ২২টি সীমান্ত পোস্টের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। বিমান হামলায় ৩৭টি লক্ষ্যবস্তুতে আঘাত এবং ১৬৩টি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ।
অন্যদিকে পাল্টা দাবি করেছে কাবুল। আফগান সামরিক ও পুলিশ বাহিনী জানিয়েছে, জালালাবাদ শহরে পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এবং এর পাইলটকে আটক করা হয়েছে। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।
শুক্রবার পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের বিরুদ্ধে উন্মুক্ত যুদ্ধ ঘোষণা করার পর দুই দেশের মধ্যে বিমান হামলা ও গোলাগুলি আরও তীব্র হয়। সীমান্ত অঞ্চল কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে।
পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস অবিলম্বে যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করেন, এই সংঘাত পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। একই সঙ্গে আফগান ভূখণ্ড যেন কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে।

কী-ওয়ার্ডস:পাকিস্তান আফগান সংঘাত,অপারেশন গজব লিল-হা,দক্ষিণ এশিয়া নিরাপত্তা