অ র্চ না মা লা কা র

  • অনুভব
  • ২০২৬-০২-২৮ ১০:৩৭:২৭
image

আঘাতটা খুব বেশি না হলেও ক্ষতটা ছিল গভীর,
তাইতো ক্ষত শুকিয়ে গেলেও দাগটা বয়ে বেড়াচ্ছি আজও
নির্জন দুপুরে কিংবা গভীর রাতে
কখনও কখনও বৃষ্টি ঝরে মনন থেকে মৃত্তিকায়,
সারাক্ষণ রক্তক্ষরণ হয় বুকের ভেতর, হারিয়ে যায় কথা,
চোখের নোনা জলে ভিজি কেবলই অনুভবে।
নিজেকে লুকিয়ে রাখি মুখোশের আড়ালে,
বুঝতে দিই না কাউকে বেদনার অনুকম্পন।
যখন ভেজা আকাশে নরম রোদের হাসি ছড়িয়ে পড়ে, 
দু’চোখ ভরে দেখি স্বচ্ছতার আলপনায় আঁকা তার প্রতিবিম্ব।
অনুভবের সিঁড়িতে দাঁড়িয়ে সে যেন হাতছানি দেয়
পাখির মতো ডানা মেলে নীলাকাশে ভাসতে।
যেখানে হবে না রক্তক্ষরণ, থাকবে না পিছুটান
শুধু উদাসী হাওয়ার হাত ধরে পথ চেনাবে
পৌঁছে দেবে দিক থেকে দিগন্তে, অন্য কোনো ঠিকানায়।