সিদ্ধিরগঞ্জের আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো আইভীকে

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • ২০২৬-০২-২৭ ২৩:১৪:৪৬
image

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী–কে সিদ্ধিরগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টিরিয়র মিস্ত্রী সেলিম মন্ডল হত্যা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে সিদ্ধিরগঞ্জ থানার ৪১ নম্বর মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। ২০২৪ সালের ৩০ জুলাই কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে ইন্টিরিয়র মিস্ত্রী সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতায় আগুনে পুড়ে নিহত হন সেলিম মন্ডল। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ তদন্ত করে সাবেক মেয়রের সম্পৃক্ততার অভিযোগ তুলে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত সেই আবেদন গ্রহণ করে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, বর্তমানে আইভী কারাগারে থাকায় আদালতের নির্দেশে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই চিটাগাং রোড এলাকায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেড–এর নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ব্যাংকের ইন্টিরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মন্ডলসহ তিন শ্রমিক আগুনে পুড়ে মারা যান।
এর আগে ফতুল্লা ও সদর মডেল থানায় দায়ের করা একাধিক হত্যা ও হামলার মামলায় আইভী জামিন পেয়েছিলেন। গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং হাইকোর্টে জামিন পেলেও তা আপিল বিভাগে স্থগিত হয়।

কী-ওয়ার্ডসঃসেলিনা হায়াৎ আইভী,সিদ্ধিরগঞ্জ হত্যা মামলা,শোন অ্যারেস্ট