জুলাই জাতীয় সনদ গণভোটে ফল সংশোধন: ‘হ্যাঁ’ ও ‘না’-দুই ভোটই কমালো ইসি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-২৬ ২১:৩৬:৫২
image

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী সংবিধান সংস্কার উদ্যোগ ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। নতুন হিসাবে আগের ঘোষণার তুলনায় ‘হ্যাঁ’ ও ‘না’-উভয় ভোটের সংখ্যাই কমেছে, একই সঙ্গে বেড়েছে বাতিল ভোটের পরিমাণ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা অতিরিক্ত গেজেটে সংশোধিত ফল প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এর প্রস্তাবের বিষয়ে জনগণের মতামত যাচাই করতে গত ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। এর ফল ১৩ ফেব্রুয়ারি প্রথম গেজেটে প্রকাশিত হয়েছিল।

আগের ও সংশোধিত ফলের তুলনা
প্রথম ঘোষণায় ‘হ্যাঁ’ ভোট ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬০ এবং ‘না’ ভোট ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬। মোট প্রদত্ত ভোট ছিল ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩। এর মধ্যে বাতিল ভোট ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭ এবং বৈধ ভোট ছিল ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬।
সংশোধিত গেজেট অনুযায়ী ‘হ্যাঁ’ ভোট দাঁড়িয়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ এবং ‘না’ ভোট ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১। মোট প্রদত্ত ভোট ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭। বাতিল ভোট বেড়ে হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬। ফলে বৈধ ভোট কমে দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১।

কতটা কমল ভোট?
নতুন হিসাব অনুযায়ী ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি এবং ‘না’ ভোট কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫টি। মোট প্রদত্ত ভোট কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি। একই সঙ্গে বাতিল ভোট বেড়েছে ১২ হাজার ৫৫৯টি।
সংশোধনের নির্দিষ্ট কারণ গেজেটে উল্লেখ করা হয়নি। তবে কমিশনের আদেশক্রমেই সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়েছে।
এই গণভোটের ফলাফলের ওপর ভিত্তি করেই ‘জুলাই জাতীয় সনদ’-এর সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা রয়েছে।

কী-ওয়ার্ডস:জুলাই জাতীয় সনদ,গণভোট ফল সংশোধন,নির্বাচন কমিশন