চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন সদর আসনের নবনির্বাচিত এমপি ও ঢাকা মহানগর দক্ষিন জামায়াত আমীর নুরুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এসময় তিনি হাসপাতালে দ্রুত করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং ডায়ালাইসিস ইউনিট স্থাপনসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি সংযোজনের উদ্যোগ নেবার কথা জানান। এছাড়া ১০০ শয্যার হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হলেও এখনও খাবার বরাদ্দ ১০০ শয়্যার রয়ে গেছে। যেন ২৫০ শয্যার খাবার বরাদ্দ হয় সে উদ্যোগ নেয়া হবে বলেও জানান এমপি বুলবুল।
বুলবুল আউটডোরে দীর্ঘ লাইনে দাঁড়ানো এবং ভর্তি রোগিদের সাথে কথা বলে হাসপাতালের সার্বিক খেঁ^াজ নেন। রোগিরা সরকারি ঔযুধ পাচ্ছেন কিনা সেটিও খোঁজ নেন । তিনি হাসপাতালের রান্নাঘর ঘুরে আরও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বলেন। তিনি চিকিৎসা সংশ্লিষ্টদের সময়সূচী মেনে চলতে বলেন। তিনি হাসপাতাল প্রশাসনের সাথে চিকিৎসা সেবার মান বৃদ্ধি ও রোগি হয়রানি বন্ধ করা নিয়ে কথা বলেন এবং এগুলো নিশ্চিত করার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে সদর আসনের সাবেক এমপি জামায়াত নেতা লতিফুর রহমান,হাসপাতাল তত্বাবধায়ক ডা.মশিউর রহমান, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুস সামাদ সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।