দেশের আর্থিক খাতের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন। বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর-এর স্থলাভিষিক্ত হবেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। প্রথমবারের মতো কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব একজন ক্যারিয়ার কর্মকর্তা গভর্নর পদে আসছেন-যা দেশের ব্যাংকিং ইতিহাসে নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
মোস্তাকুর রহমান ২০২৪ সালের মে মাসে অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পান। এর আগে তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় ধরে তিনি ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (এফআরটিএমডি) এবং ফিনান্সিয়াল ইন্টেগরিটি ও কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি)-এ কাজ করেছেন।
১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দিয়ে তার কর্মজীবন শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করা এই কর্মকর্তা ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
সূত্র জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রস্তাব নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-এর কাছে উপস্থাপন করেছে এবং তিনি এতে সম্মতি দিয়েছেন। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর বিষয়টি রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হবে। এরপর প্রজ্ঞাপন জারি করা হবে।
বিশ্লেষকরা বলছেন, সাবেক আমলা বা অর্থসচিবের পরিবর্তে একজন ক্যারিয়ার সেন্ট্রাল ব্যাংকারকে গভর্নর নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের পেশাদারিত্ব ও প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা জোরদার করতে সহায়ক হতে পারে।
খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে তার বাড়ি। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক।
কী-ওয়ার্ডস: বাংলাদেশ ব্যাংক গভর্নর, মোস্তাকুর রহমান, কেন্দ্রীয় ব্যাংক, আর্থিক খাত নেতৃত্ব