চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী সমর্থিতরা ৬ ও বিএনপি সমর্থিতরা ৫ পদে জয়ী

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০২-২৫ ০৩:৩১:০৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ  জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ এ আওয়ামী লীগ ও সমমনা সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (নজরুল-হাসিব পরিষদ) প্রার্থীরা সাধারণ সম্পাদক সহ ৬ পদে,  বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (ওদুদ-কনক পরিষদ) প্রার্থীরা সভাপতি সহ ৫ পদে এবং জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল (মতিউর-তসিবুর পরিষদ) প্রার্থীরা ২ পদে  নির্বাচিত হয়েছেন।  
এর মধ্যে ৮২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি প্যানেলের প্রার্থী এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) মো: আব্দুল ওদুদ। ৭৯ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন আওয়ামী প্যানেলের আলহাজ্জ নজরুল ইসলাম (২)। অপরদিকে ৯৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আওয়ামী প্যানেলের মোহা: আবু হাসিব। ৭৯ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন বিএনপির মোহা: মাহমুদুল ইসলাম (কনক)।
গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত  আইনজীবী সমিতি ভবনে সরাসরি ব্যালটে বিরতিহীন ভোট গ্রহণ শেষে গণনার পর সন্ধ্যা ৭ টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এড. মোহা.শামসুদ্দীন প্রাথমিক ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ভোটার ছিলেন ২২৭ জন। যার মধ্যে ২০৯ জন ভোট প্রদান করেন। কার্যনির্বাহী কমিটির ১৩ পদের জন্য তিনটি প্যানেলে প্রতিদ্বন্দিতা করেন ৩৬ জন প্রার্থী। এর মধ্যে শুধমাত্র বিএনপি সমর্থিতরা ১৩ প্রার্থীর পূর্ন প্যানেল নিয়ে প্রতিদ্বন্দিতা করেন। আওয়ামী সমর্থিতরা ১২ এবং জামায়াত সমর্থিতরা ১১ প্রার্থীর প্যানেল নিয়ে প্রতিদ্বন্দিতা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামী প্যানেলের প্রার্থীরা সাধারণ সম্পাদক ছাড়াও সিনিয়র সহ-সভাপতি,সহ- সাধারণ সম্পাদক (২য়),অর্থ সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যের দুটি পদে বিজয়ী ( ১ম ও তৃতীয়) হয়েছেন। অপরদিকে বিএনপি প্যানেলের প্রার্থীরা সভাপতি ছাড়াও সহ-সভাপতি,সাংস্কৃতিক সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যের দুটি পদে বিজয়ী (২য় ও চতূর্থ) হয়েছেন। এছাড়া জামায়াত মনোনিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন সহ-সাধারণ সম্পাদক (১ম) এবং গ্রন্থাগার সম্পাদক পদে।