‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমে প্রযুক্তিনির্ভর ডাটাবেজ গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-২৪ ১৪:১১:৩৮
image

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের অগ্রগতি, ডাটাবেজ হালনাগাদ, প্রকৃত উপকারভোগী চিহ্নিতকরণ এবং বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতে হলে সমন্বিত পরিবারভিত্তিক তথ্যভান্ডার গড়ে তোলা জরুরি। তিনি নির্দেশ দেন, যাতে প্রকৃত সুবিধাভোগীরা কোনোভাবেই বঞ্চিত না হন এবং তালিকা প্রণয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়। একই সঙ্গে অনিয়ম বা ভুয়া নিবন্ধন ঠেকাতে কঠোর নজরদারি জোরদারের কথা উল্লেখ করেন তিনি।
সভায় জানানো হয়, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় নিম্নআয়ের পরিবারগুলোকে নির্দিষ্ট পণ্য ও সহায়তা সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডারসহ বিভিন্ন সরকারি ডাটাবেজ সমন্বয়ের কাজ এগিয়ে চলছে।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, শিগগিরই ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের বিস্তারিত নির্দেশিকা ও বাস্তবায়ন রূপরেখা প্রকাশ করা হবে।

কী-ওয়ার্ড: ফ্যামিলি কার্ড কর্মসূচি, সামাজিক সুরক্ষা, প্রযুক্তিনির্ভর ডাটাবেজ, উপকারভোগী তালিকা