মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী মাদক কার্টেল জালিস্কো নিউ জেনারেশন কার্টেল-এর (CJNG) প্রধান নেমেসিও ওসেগুেরা সারভান্তেস, খ্যাত এল মেঞ্চো, দেশীয় নিরাপত্তা বাহিনীর কার্যক্রমে নিহত হয়েছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মেক্সিকোর একাধিক অঞ্চলে ব্যাপক সহিংসতা ও অস্থিরতা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সময় রোববার মেক্সিকোর জালিস্কো রাজ্যের তাপালপা এলাকায় মেক্সিকান স্পেশাল ফোর্স ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহযোগিতায় পরিচালিত অভিযানে এল মেঞ্চো নিহত হন। তবে নিহতের খবর প্রকাশের পরপরই কার্টেলের অনুসারীরা ক্ষোভে ফেটে পড়ে এবং বিভিন্ন শহরজুড়ে তাণ্ডব শুরু করে।
সহিংসতায় রাস্তা অবরোধ, গাড়ি, বাস ও ট্রাকগুলিতে আগুন ধরানো, গুরুত্বপূর্ণ হাইওয়েগুলো ব্লক করা, ব্যাংক ও সুপারমার্কেটসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিশেষ করে গুয়ানাহুয়াতো রাজ্যে একাধিক পৃথক সহিংসতার খবর পাওয়া গেছে, যেখানে বহু দোকান ও ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
পর্যটন শহর পুয়ের্তো ভাল্লার্টা ও আশপাশের এলাকাগুলোতে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে বিমান চলাচল স্থগিত করে দেয়া হয়েছে; বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থা ফ্লাইট বাতিল করেছে এবং পর্যটকদের নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ দেয়া হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, সৈকতের আকাশে কালো ধোঁয়ার স্তূপ ছড়িয়ে পড়েছে এবং আতঙ্কিত পর্যটকরা নিরাপত্তা খুঁজে ছোটাছুটি করছেন। স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে ঘরের বাইরে না বের হওয়ার নির্দেশ দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এল মেঞ্চোর মৃত্যু শুধুমাত্র সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নয়; এতে কার্টেলের অভ্যন্তরীণ নেতৃত্ব দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘাতের সম্ভাবনা রয়েছে। একাধিক নিরাপত্তা সূত্র বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না পারলে সহিংসতা আরও দীর্ঘায়িত হতে পারে।
উল্লেখ্য, দেশটির প্রেসিডেন্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। যদিও সরকার পরিস্থিতি স্বাভাবিক দাবি করলেও বাস্তবে অনেক রাজ্যে সংঘর্ষ ও অস্থিরতার চিত্র বিরাজ করছে। আর মেক্সিকোর এই সহিংসতা আন্তর্জাতিক পর্যটক ও সাধারণ জনগণের জন্য দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
কীওয়ার্ড:এল মেঞ্চো নিহত, মেক্সিকো সহিংসতা, জালিস্কো কার্টেল