তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন। একই সঙ্গে ট্রাস্টের সহায়তা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে সুবিধাপ্রত্যাশী ও সুবিধাভোগীদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ তৈরির নির্দেশনা দেন তিনি।
ঢাকার সার্কিট হাউস রোডে ট্রাস্টের বোর্ড সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ বোর্ডের সদস্যরা।
মন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের অবসর ভাতা প্রদানের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। এছাড়া বড় সরকারি হাসপাতালে সাংবাদিকদের জন্য বিশেষ চিকিৎসা সুবিধা চালুর বিষয়েও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
ট্রাস্টের আর্থিক সংকট নিরসনে ব্যাংকে জমাকৃত অর্থ বিধি অনুযায়ী শুল্কমুক্ত করার দাবি জানান ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি জনবল নিয়োগ, যানবাহন সুবিধা ও নিজস্ব ভবন নির্মাণে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করা হয়।
সভা শেষে তথ্য ভবনের অডিটোরিয়ামে ট্রাস্টের উদ্যোগে সাংবাদিক পরিবারের ৪০২ জন মেধাবী সন্তানের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, দেশের গুরুত্বপূর্ণ অর্জনে জনগণ ও সংবাদমাধ্যমই মূল শক্তি। তিনি উল্লেখ করেন, ডাটাবেইজ থেকেই তথ্য তৈরি হয় এবং জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তার নির্বাচনী এলাকায় প্রেসক্লাব কমপ্লেক্স নির্মাণ ও সাংবাদিক কল্যাণে তহবিল গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এছাড়া ২৪-এর গণঅভ্যুত্থানে সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সচিব মাহবুবা ফারজানা প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতা প্রদানে প্রশাসনিক ও আর্থিক অনুমোদনের বিষয়টি দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন।
কী-ওয়ার্ড: সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, ইয়াসের খান চেয়ারম্যান, শিক্ষাবৃত্তি বিতরণ