সাম্প্রতিক নিরাপত্তা সংকটের প্রেক্ষাপটে আফগানিস্তানের ভেতরে ও সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার ভোরে পরিচালিত এ অভিযানে নারী–শিশুসহ হতাহতের খবর দিয়েছে এএফপি।
আফগান সূত্রের বরাতে জানা গেছে, দুটি প্রদেশকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এর একটি ছিল পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসা এবং অন্যটি নানগারহার প্রদেশ। তবে হামলার সুনির্দিষ্ট স্থান বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ইসলামাবাদ। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়াও জানায়নি আফগানিস্তান।
পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার খাইবার পাখতুনখাওয়ার বান্নু এলাকায় একটি নিরাপত্তাবহরকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা হয়। বন্দুকযুদ্ধে পাঁচজন ‘সন্ত্রাসী’ নিহত এবং বিস্ফোরকবোঝাই গাড়ির ধাক্কায় দুই সেনা নিহত হন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাহার দাবি করেন, টিটিপি ও তাদের সহযোগী আইএসের সাতটি ক্যাম্প ও গোপন আস্তানায় গোয়েন্দাভিত্তিক অভিযান চালানো হয়েছে।
পাকিস্তান সরকারের দাবি, রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে হামলাসহ সাম্প্রতিক কয়েকটি হামলার নির্দেশনা এসেছে আফগানিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর কাছ থেকে। এ প্রেক্ষাপটেই সীমান্তপারের অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানানো হয়।
এর আগে গত বছরের অক্টোবরে আফগানিস্তানের অভ্যন্তরে সন্দেহভাজন সশস্ত্র আস্তানায় হামলা চালিয়েছিল পাকিস্তান। সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় গাড়িবোমা হামলায় অন্তত ১১ পাক সেনা নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ে।
সব মিলিয়ে ইসলামাবাদ ও কাবুলের সম্পর্ক বর্তমানে টানাপোড়েনের মধ্যে রয়েছে। সর্বশেষ হামলার পর আফগানিস্তান কী ধরনের প্রতিক্রিয়া জানায়, তা এখন দেখার বিষয়।
কী-ওয়ার্ড: পাকিস্তান ড্রোন হামলা, আফগান সীমান্ত উত্তেজনা, বান্নু নিরাপত্তা সংকট