শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)'র সভাপতি এম এ আলীম সরকার এর নেতৃত্বে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন পার্টির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে এক বিবৃতিতে এম এ আলীম সরকার বলেন, ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে জীবন উৎসর্গ করেছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ অসংখ্য বীর সন্তান। তাঁদের আত্মত্যাগ শুধু ভাষার মর্যাদাই প্রতিষ্ঠা করেনি, বরং বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ভিত্তি রচনা করেছে। ভাষা আন্দোলনের চেতনা থেকেই পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের প্রেরণা সৃষ্টি হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার অধিকার রক্ষার প্রতীক। আমরা বিশ্বাস করি, প্রতিটি জাতির মাতৃভাষা তার আত্মপরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্যের মূল ভিত্তি। মাতৃভাষার সুরক্ষা ও চর্চা নিশ্চিত করা আমাদের নৈতিক ও জাতীয় দায়িত্ব।
বাংলাদেশ গণমুক্তি পার্টি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে—ভাষা শহীদদের আদর্শ ধারণ করে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে। বাংলা ভাষার শুদ্ধ চর্চা, গবেষণা ও প্রযুক্তিতে এর বিস্তার ঘটিয়ে আমরা ভাষা আন্দোলনের চেতনাকে আরও সমুন্নত রাখবো। সাম্প্রতিক সময়ে ভাষা ও সংস্কৃতির ঐক্য খুবই প্রয়োজন। ৫৫ বছর হলো স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হলেও রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন শুরু করা হয়নি। উন্নতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠিত হলেই রাষ্ট্রের সর্বস্তরে বাংলা প্রচলন কার্যকর করা যাবে। নতুন সরকারের কাছে বাংলাদেশ গণমুক্তি পার্টির দাবি, রাষ্ট্রের সর্বস্তরে বাংলা প্রচলন কার্যকরী করা হোক।