সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল, চিফ অব জেনারেল স্টাফ মাইনুর রহমান

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-২২ ২১:১২:০১
image

বাংলাদেশ সেনাবাহিনী–এর শীর্ষ পর্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ব্যাপক রদবদল আনা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সেনাসদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
নতুন চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টডকের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার স্থলে নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, যিনি পূর্বে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।
অন্য এক আদেশে মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। একই সঙ্গে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেলে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কী-ওয়ার্ড: সেনাবাহিনী রদবদল, চিফ অব জেনারেল স্টাফ, সামরিক পদোন্নতি