আগামী ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার একযোগে একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে পদক প্রদান অনুষ্ঠান এবং বিকেলে বইমেলার উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি জানান, রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী।
বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন তিনি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুটি অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এবার একুশে পদক ২০২৬ পাচ্ছেন দেশের নয়জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। মনোনীতদের মধ্যে রয়েছেন অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থি আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস।
প্রতিষ্ঠান হিসেবে সংগীতে সম্মাননা পাচ্ছে ব্যান্ড ওয়ারফেজ।
এদিকে, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার, যা প্রকাশনা খাতে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।