‘বাংলাকে ধারণ করতে হলে বাংলা উচ্চারণই দরকার’-শহীদ দিবসে জ্বালানিমন্ত্রীর বক্তব্য

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • ২০২৬-০২-২১ ২১:৪০:১৫
image

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে ধারণ করতে হলে বাংলা ভাষাকেই প্রাধান্য দিতে হবে। তিনি মন্তব্য করেন, 'বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ-এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল,এগুলো তাদের ভাষা।'
শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন,এ ধরনের বক্তব্যের কারণে তাঁকে কেউ ভারতের দালাল আখ্যা দিতে পারে, তবুও তিনি নিজের অবস্থান থেকে সরে আসবেন না। তিনি বলেন, 'আমার জীবন আছে বলেই আমি মুক্তিযুদ্ধে গিয়েছি এবং আমি মন্ত্রী হয়েছি।'
ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ব্রিটিশ শাসনামলে দেশ অনেক ক্ষতির শিকার হয়েছে। রাষ্ট্রভাষা ও সংস্কৃতিকে চেপে ধরে শোষণ চালানো হয়েছিল। তিনি ১৯৫৪ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, সেই সময়ের সংগ্রামই পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করেছে। তরুণ প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতন না হলে চরমপন্থা মাথাচাড়া দিতে পারে।
তিনি আরও বলেন,নিজের ভাষা সম্পর্কে সচেতনতার ঘাটতির কারণেই জাতীয়তাবোধ শক্তভাবে গড়ে ওঠেনি। 'নিজের ভাষা,নিজের দেশ-আমাদেরই গড়ে তুলতে হবে, অন্য কেউ এসে গড়ে দেবে না,'-যোগ করেন তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কী-ওয়ার্ড: জ্বালানিমন্ত্রী, ভাষা দিবস বক্তব্য, জাতীয়তাবোধ