একুশে’র প্রথম প্রহরে চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল নিয়ে সর্বস্তরের মানুষ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০২-২১ ১৩:৩৯:১৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
একুশে’র প্রথম প্রহরে চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। শনিবার(২১ ফেব্রুয়ারী) রাত ১২টা ১ মিনিটে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে জেলা প্রশাসনের আয়োজনে প্রথমে পূষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা। এরপর পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াসের নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা  ফুল দেবার পর  ভাষা শহিদদের  আনুষ্ঠানিক সালাম জানান।  
এরপর বীর মুক্তিযোদ্ধাগন,বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন সাংস্কৃতিক,সামাজিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা এবং  শিশু,নারী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নামে শহিদ মিনারে। ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি’-অমর এই গান গাইতে গাইতে  ফাল্গুনের মাঝারি শীতের মধ্যে মানুষ সূশৃঙ্খলভাবে  ফুল দিয়ে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন  শুরু করেন। এ সময় অনেককে কালো পোষাক  পরিহিত দেখা যায়।