১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা: দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলায় জোর সরকারের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-১৯ ০৯:৫৫:০৫
image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, সাপ্লাইচেইন সচল রাখা এবং বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখাই বর্তমানে সরকারের প্রধান অগ্রাধিকার।
এই লক্ষ্য বাস্তবায়নে সরকার ১৮০ দিনের একটি বিশেষ অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান তিনি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, সরকারের প্রথম ১০০ দিনের প্রচলিত কর্মপরিকল্পনার পাশাপাশি এবার ১৮০ দিনের একটি বিস্তৃত অগ্রাধিকার তালিকা নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে বাজার নিয়ন্ত্রণ, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতে, বিশেষ করে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে কোনো ধরনের সংকট যেন না তৈরি হয়, সে বিষয়েও বিশেষ নজর রাখা হচ্ছে।
সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠক ও সচিবদের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের দেশ ও জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।
মন্ত্রী আরও বলেন, জনগণ নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে সরকারকে ম্যান্ডেট দিয়েছে। তাই জনগণের প্রত্যাশাই সর্বোচ্চ প্রাধান্য পাবে। সংবিধান, দেশের প্রচলিত আইন এবং রুলস অব বিজনেস অনুযায়ী সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
প্রশাসনিক সংস্কার ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত সম্পর্ক বিবেচনায় নেওয়া হবে না।

কী-ওয়ার্ডস: ১৮০ দিনের পরিকল্পনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা