সচিবালয়ে নতুন অধ্যায়: প্রধানমন্ত্রীর প্রথম মন্ত্রিসভা বৈঠকে ইশতেহারভিত্তিক নির্দেশনা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-১৮ ২১:২৬:২২
image

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই তিনি মন্ত্রিসভার সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যরা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট সচিবরা।
বিকেল ৩টায় শুরু হওয়া বৈঠকের মাধ্যমে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন নতুন প্রধানমন্ত্রী। বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও এতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে আসে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দলের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশ পরিচালনায় অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। নীতিনির্ধারণী পর্যায়ে সমন্বয় জোরদার ও দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করে। ২৯৭টি আসনের মধ্যে এককভাবে ২০৯টি আসনে জয় পায় দলটি। পরবর্তীতে তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

কী-ওয়ার্ডস: মন্ত্রিসভা বৈঠক, সচিবালয়, ইশতেহার বাস্তবায়ন