প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় লোকসভার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-১৭ ২২:০৩:১৩
image

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। সাক্ষাৎকালে তিনি প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানান।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তার ভাষ্য অনুযায়ী, ভারতীয় স্পিকার বাংলাদেশ সরকারের প্রতি ভারতের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি–কে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে জনমুখী সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ প্রকাশ করেন। উভয় পক্ষই দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার ক্ষেত্রগুলোতে একসঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান।
এর আগে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওম বিড়লার নেতৃত্বে ভারতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় আসে। তিনি নয়াদিল্লির প্রতিনিধিত্ব করেন।
এদিকে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের পর অনুষ্ঠিত এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

কী-ওয়ার্ডস: বাংলাদেশ-ভারত সম্পর্ক, সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক সহযোগিতা