চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলণ করা হয়েছে। সেই সাথে দ্বিতল কার্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষের দেয়ালে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঁচের ফ্রেমে বাঁধানো দুটি প্রতিকৃতি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে.মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেলে আসা ৫/৬ যুবক জেলা শহরের ওয়ালটন মোড়ে অবস্থিত পোড়া ও দরজা-জানালা ভাঙ্গা কার্যালয়ের সামনে এসে থামে। তাঁরা কার্যালয়ের সামনে স্থাপিত দুটি পতাকা স্ট্যান্ডে বাঁশের দুটি ষ্ট্যান্ড দিয়ে পতাকা স্থাপন করে। পরে দোতলায় উঠে প্রতিকৃতি স্থাপন করে। এরপর তাঁরা স্থান ত্যাগ করে।
বিকাল ৫টার দিকে সরেজমিনে ওই কার্যালয়ে গিয়ে দেখা যায়, পতাকা দুটি স্ট্যান্ডে নাই। আওয়ামী লীগের দলীয় পতাকা নীচতলার প্রধান কক্ষের মেঝেতে স্ট্যান্ড লাগা অবস্থায় অবস্থায় পড়ে আছে। জাতীয় পতাকার স্ট্যান্ডটিও পড়ে রয়েছে। অবশ্য দোতলায় প্রতিকৃতি দুটি অক্ষত অবস্থায় দেয়ালে ঝুলছে। কিন্তু কারা কখন পতাকা সরাল তা জানা যায়নি।
পতাকা কার্যালয়ের ঠিক পাশেই কর্মরত একদল নির্মাণ শ্রমিক বলেন, তাঁরা যুবকদের আসতে দেখেছেন। কিন্তু তাঁদের চেনেন না। যুবকরা বেশিক্ষন সেখানে ছিলেন না। কার্যালয় এলাকায় সন্ধ্যা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তাঁরা। শ্রমিকরা বলেন, পতাকা টাঙ্গানোর পর কয়েক দফায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে ঘটনাটির একাধিক ভিডিও ফেইসবুকে ছড়িয়েছে। একটি ভিডিওতে দাবি করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিকের নেতৃতে পতাকা ওঠানো হয়।
উল্লেখ্য.২০২৪ সালের ৫ আগষ্ট আন্দোলনকারীদের তোপের মুখে পড়ে কার্যালয়টি। ব্যাপক ভাংচুরের পর আগুন দেয়া হয়। পরেও অন্তত: দু’দফা আক্রান্ত হয় কার্যালয় ভবন টি।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অনুসন্ধান কওে দেখা হচ্ছে।