আগামীকাল শপথ নেবেন নবনির্বাচিত এমপিরা,পড়াবেন সিইসি নাসির উদ্দিন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-১৬ ২১:২৬:৪০
image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের আগামীকাল সকাল ১০টায় শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়-এর সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে দেওয়া এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ পাঠ পরিচালনা করবেন সিইসি।
বেসরকারি ফলাফল অনুযায়ী, ২৯৭টি ঘোষিত আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি আসন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।
ভোটের হিসেবে বিএনপি ধানের শীষ প্রতীকে ৪৯ দশমিক ৯৭ শতাংশ এবং জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে বলে ইসি সূত্র জানিয়েছে। এনসিপি শাপলা কলি প্রতীকে ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট অর্জন করেছে।
ইসি জানায়, মোট ৫০টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী এবারের নির্বাচনে অংশ নেন। ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রয়েছে। বাকি ২৯৭টি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে।

কী-ওয়ার্ডস: এমপি শপথ, সিইসি নাসির উদ্দিন, ত্রয়োদশ সংসদ