মা নি ক পা ল

  • মানুষ হওয়া খুব প্রয়োজন
  • ২০২৬-০২-১৬ ১১:৩১:৪১
image

স্বর্গ-নরক, বেহেস্ত-দোজখ,
কে পেয়েছে কোথায় ঠাঁই?
কেউ দেখেছো নিজের চোখে,
সত্যি করে বলো তো ভাই?

নাইবা যদি দেখলে তবে,
মিথ্যে কেন মাতামাতি?
জাত-পাত আর ধর্ম নিয়ে
করছো লড়াই, মরণঘাতী?

হিংসা-নিন্দা, জাত-ভেদাভেদ,
কোন বিধানে আছে বলো?
না জেনে, না বুঝে কেন
মিছেমিছি আঙুল তোলো?

ধর্ম যদি হয় মানুষের
ভবসাগরের শ্রেষ্ঠ তরী,
তরীর ওপর বসে তবে
হচ্ছে কেন বাড়াবাড়ি?

শক্তির খোঁজে কেউ কেউ তবু
ধর্মের নামে পাতায় ফাঁদ,
মানুষ ভুলে মঞ্চ সাজায়,
সত্য সেথায় আর্তনাদ।

মুখে থাকে নীতির বুলি,
ভিতরে লোভের গোপন নীড়--
ধর্মটাকে ঢাল বানিয়ে
ধান্দাবাজির জমে ভিড়।

ধার্মিক হওয়ার চেয়ে, ও ভাই,
মানুষ হওয়া খুব প্রয়োজন--
স্বর্গ-নরক, বেহেস্ত-দোজখ
এই ভুবনেই সব আয়োজন।

আমি বলি--
বেঁচে থাকতেই
এই ভুবনেই সব আয়োজন।
মরার আগেই
সব আয়োজন।
স্বর্গ-নরক, বেহেস্ত-দোজখ
এই ভুবনেই সব আয়োজন।