দেশ ছাড়ার চেষ্টা, ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গালুশচেঙ্কো আটক

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০২-১৬ ১০:০৮:৪২
image

দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশত্যাগের সময় গ্রেফতার হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো। দেশটির জাতীয় দুর্নীতি দমন ব্যুরো ন্যাশনাল অ্যান্টি-করাপশন ব্যুরো অব ইউক্রেন (নাবু) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, রোববার গোপনে দেশত্যাগের চেষ্টা করার সময় ‘মিডাস’ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত গালুশচেঙ্কোকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি কারা হেফাজতে রয়েছেন। আইন ও আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
গালুশচেঙ্কো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি–র ঘনিষ্ঠ মন্ত্রী হিসেবে পরিচিত ছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে প্রায় ১০ কোটি ডলার অবৈধভাবে উপার্জন ও অর্থ বিদেশে পাচারের অভিযোগ ওঠে।
অভিযোগ রয়েছে, নিজের প্রভাব খাটিয়ে ইউক্রেনীয় ব্যবসায়ী তিমুর মিনডিচকে জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ করে দেন তিনি। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান এনার্জোঅ্যাটম–এর ঠিকাদারদের কাছ থেকে বিভিন্ন চুক্তির বিপরীতে ১০ থেকে ১৫ শতাংশ ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে।
এসব অভিযোগ প্রকাশ্যে আসার পর গত নভেম্বরে পদত্যাগ করতে বাধ্য হন গালুশচেঙ্কো।
উল্লেখ্য, ২০২৫ সালে ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেঙ্কোসহ কয়েকজন প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠে।

কী-ওয়ার্ডস: ইউক্রেন দুর্নীতি, জ্বালানি মন্ত্রণালয়, দেশত্যাগে গ্রেফতার