শপথের পরই ব্যারাকে ফিরবে সেনা,জানালেন জেনারেল ওয়াকার-উজ-জামান

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-১৫ ২০:৪৬:৩২
image

নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরপরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দেশে কর্মরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
সেনাপ্রধান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিজয়ী নবনির্বাচিত সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পরপরই মাঠে মোতায়েন সেনাসদস্যদের প্রত্যাহার করা হবে। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ পুলিশ বুঝে না নেওয়া পর্যন্ত সহায়তার জন্য সেনাবাহিনীর একটি অংশ মাঠে দায়িত্ব পালন করবে।
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে সেনাসদস্যদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রতিকূল ও সংবেদনশীল পরিবেশেও সদস্যরা দায়িত্বশীলতা, ধৈর্য ও পেশাদারত্বের পরিচয় দিয়েছেন। এ জন্য তিনি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর দক্ষতা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করতে সহায়ক হয়েছে। গত দেড় বছরের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি থেকে দেশকে স্থিতিশীলতায় ফেরাতে সেনাবাহিনীর ত্যাগ জাতি স্মরণ রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যের এক পর্যায়ে তিনি কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে, বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সেনাসদস্যদের পেশাদারিত্ব ও সাফল্যের কথাও তুলে ধরেন সেনাপ্রধান।

কী-ওয়ার্ডস: সেনাবাহিনী প্রত্যাহার, সিএএস দরবার, নির্বাচন পরবর্তী নিরাপত্তা