কোম্পানীগঞ্জে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

  • ইমাম হোসেন খাঁন:
  • ২০২৩-০৯-০৬ ২২:৩৬:১৫
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চোর সন্দেহে গনপিটুনিতে মোশারফ হোসেন (৪৩) নামে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বুধবার ভোরে ৪ টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হোসেন ভূঁইয়া বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মৃত মোহাম্মদ মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে নোয়াখালী ও ফেনীর বিভিন্ন থানায় ১০ টি মামলা রয়েছে এবং এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছিলো।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৪ টায় মালয়েশিয়া প্রবাসী সাইফুদ্দিন এর বসতঘরে চুরি করতে দুইজন অজ্ঞাত লোক দরজার নিচের মাটিতে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে। এসময় সাইফুদ্দিনের পরিবারের লোকজন সেনবাগে তাদের আত্মীয়ের বাড়িতে ছিলেন।তাদের ঘরে আওয়াজ শুনে পাশের ঘরে থাকা সাইফুদ্দিনের ফুফাত ভাই জুনায়েদ সাইফুদ্দিনের বড় ভাই বাহার উদ্দিন মিজানকে ফোন করে ডেকে নিয়ে উভয়ে ঘরের সামনে অবস্থান নেন। অবস্থান টের পেয়ে দু'চোরের একজন পালিয়ে গেলেও মোশারফ হোসেন আটকা পড়ে। পালিয়ে যাওয়া চোরকে ধাওয়া করলে সে মিজানের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। মিজানের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে মোশাররফকে বেঁধে গনপিটুনি দিলে সে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ সকালে নিহতের মরদেহ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।