আইসিটি বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের বিদেশযাত্রা,জার্মানির পথে ঢাকা ত্যাগ

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০২-১৫ ০৯:৪৯:৫০
image

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ইকে-৫৮৩ যোগে তিনি জার্মানির পথে রওনা হন।
ফয়েজ আহমদ তৈয়্যবের এক সহযোগী জানান, ৯ ও ১০ ফেব্রুয়ারি তিনি ছুটিতে ছিলেন। ইতোমধ্যে আইসিটি বিভাগ ও টেলিযোগাযোগ বিভাগ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে। সহযোগীর ভাষ্য অনুযায়ী, “স্বাভাবিক জীবনে ফিরতেই তিনি বিদেশে গেছেন।”
উল্লেখ্য, ২০২৫ সালের ৫ মার্চ প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান ফয়েজ আহমদ তৈয়্যব। এর আগে ২০২৪ সালের নভেম্বরে তিনি আইসিটি পলিসি অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
সরকারি সূত্রে তার বিদেশযাত্রা স্থায়ী নাকি সাময়িক—এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, এটি ব্যক্তিগত সিদ্ধান্তের অংশ হিসেবেই দেখা হচ্ছে।

কী-ওয়ার্ডস: ফয়েজ তৈয়্যব, আইসিটি বিশেষ সহকারী, জার্মানি যাত্রা