ইসলামাবাদে নতুন কারাগার প্রস্তুত হলে ইমরান খানকে স্থানান্তরের ঘোষণা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০২-১৪ ১০:৫৭:২২
image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান-কে ইসলামাবাদে নির্মাণাধীন নতুন কারাগারে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। স্থানীয় গণমাধ্যম সামা টিভির বরাতে এ তথ্য জানা গেছে।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাকভি বলেন, ইসলামাবাদ কারাগারের নির্মাণকাজ আগামী দুই মাসের মধ্যে শেষ হবে। সেখানে সব ধরনের চিকিৎসা সুবিধা থাকবে। ইসলামাবাদের একটি আদালত ইমরান খানকে সাজা দেওয়ায় তাকে সেখানেই স্থানান্তর করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে পুলিশ লাইন্সে আয়োজিত এক পাসিং-আউট প্যারেড অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দিনটি ফেডারেল পুলিশের জন্য গুরুত্বপূর্ণ। তিনি জানান, সন্ত্রাসবাদ মোকাবিলায় আগে কোনো বিশেষায়িত বাহিনী ছিল না। তিন মাস আগে একটি প্রশিক্ষণ কোর্স শুরু করা হয় এবং নির্ধারিত ছয় মাসের কর্মসূচি কঠোর পরিশ্রমের মাধ্যমে মাত্র তিন মাসে সম্পন্ন করা হয়েছে।
নাকভি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের পেছনে যেসব কর্মকর্তা নিরলসভাবে কাজ করেছেন, সাফল্যের কৃতিত্ব তাদেরই। ইসলামাবাদের পুলিশ প্রশিক্ষণ স্কুলগুলো আধুনিকায়ন করা হচ্ছে এবং দেশের অন্যান্য অঞ্চল থেকেও সদস্যরা সেখানে এসে প্রশিক্ষণ নেবেন বলে তিনি জানান।
তিনি আশা প্রকাশ করেন, নবীন কর্মকর্তারা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সন্ত্রাসবাদ দমনে কার্যকর ভূমিকা রাখবেন। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় ইসলামাবাদের পুলিশ মহাপরিদর্শককেও অভিনন্দন জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

কী-ওয়ার্ডস: ইমরান খান স্থানান্তর, ইসলামাবাদ কারাগার, সন্ত্রাসবাদ মোকাবিলা