আচরণবিধি ভঙ্গে নবীর জরিমানা,ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নিল আইসিসি

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০২-১২ ২২:৩৫:০৭
image

আন্তর্জাতিক ক্রিকেটে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচ শেষে তার ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে।
আইসিসি এক বিবৃতিতে জানায়, নবীকে লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। তিনি আইসিসির আচরণবিধির ২.৪ ধারা ভঙ্গ করেছেন, যা আন্তর্জাতিক ম্যাচ চলাকালে আম্পায়ারের নির্দেশ অমান্য করার সঙ্গে সম্পর্কিত।
ঘটনাটি ঘটে আফগানিস্তানের ইনিংসের ১৪তম ওভারের শুরুতে। সে সময় দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদির হাতে পরা একটি রিস্টব্যান্ড নিয়ে মাঠের আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নবী। বিষয়টি ম্যাচ রেফারির নজরে এলে পরবর্তীতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
ম্যাচটি ছিল রোমাঞ্চে ভরপুর। আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ১৮৭ রান তোলে। জবাবে আফগানিস্তানও নির্ধারিত ওভারে সমান ১৮৭ রান সংগ্রহ করে ম্যাচ টাই করে। প্রথম সুপার ওভারে দুই দলই ১৭ রান করে। তবে দ্বিতীয় সুপার ওভারে লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত আফগানিস্তানকে হার মেনে নিতে হয়।

কী-ওয়ার্ডস: মোহাম্মদ নবী, আইসিসি জরিমানা, টি-টোয়েন্টি বিশ্বকাপ