মুখে বলের আঘাতের পর সফল অস্ত্রোপচার, ফেরার প্রস্তুতিতে বেন স্টোকস

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০২-১১ ২৩:২৬:১০
image

ক্রিকেট বলের আঘাতে মুখে চোট পাওয়ার পর ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার।
গত সপ্তাহে ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে স্টোকসের চোখের নিচে নীলচে দাগ, গাল ও ঠোঁটে চামড়া ছেঁড়া চিহ্ন এবং নাকে ব্যান্ডেজ দেখা যায়। তখন তিনি রসিকতার সুরে লেখেন, ক্রিকেট বলটার অবস্থা দেখলে অবাক হতেন।
মঙ্গলবার হাসপাতাল থেকে আরেকটি ছবি শেয়ার করে স্টোকস জানান, বাইরে থেকে তেমন গুরুতর মনে না হলেও অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
অস্ট্রেলিয়ায় সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড ৪-১ ব্যবধানে পরাজিত হওয়ার পর দেশে ফিরেছেন স্টোকস। লাল বলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও তার ভবিষ্যৎ নিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) পর্যালোচনা করছে।
বর্তমানে তিনি সাদা বলের দলে নেই এবং ভারত ও শ্রীলঙ্কায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছেন না। তবে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শুরুতে ডারহামের হয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার। আগামী ৪ জুন লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ঘরের মাঠের টেস্ট মৌসুম শুরু হবে, যা স্টোকসের ৩৫তম জন্মদিনের দিন।

কীওয়ার্ডস:বেন স্টোকস,ইংল্যান্ড টেস্ট অধিনায়ক,সফল অস্ত্রোপচার