ভোটের উৎসবে অংশ নিয়ে নতুন বাংলাদেশের দরজা খুলে দিন: জাতির প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-১০ ২২:৪৯:৫৬
image

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর ও ঐতিহাসিক করতে দেশবাসীর প্রতি দ্বিধাহীনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণের চাবি জনগণের হাতেই রয়েছে, আর সেই চাবি সঠিকভাবে ব্যবহার করার সময় এখনই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একযোগে ভাষণটি সরাসরি সম্প্রচার করে।
অধ্যাপক ইউনূস বলেন, দলে দলে, পরিবার-পরিজন নিয়ে উৎসবের আবহে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নির্ভয়ে ভোট দেওয়ার মধ্য দিয়েই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এবারের ভোটের দিনটি নতুন বাংলাদেশের জন্মদিন হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তরুণ ও নারী ভোটারদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, একটি ভোট শুধু সরকার নির্বাচন করে না-এটি দীর্ঘ ১৭ বছরের নীরবতা, ভোটাধিকার হরণ ও বাধাহীন ফ্যাসিবাদের জবাবও দেয়। এই ভোট জাতিকে নতুনভাবে গড়ে তুলবে এবং প্রমাণ করবে যে তরুণ, নারী ও সংগ্রামী মানুষের কণ্ঠ আর কখনো নিঃশব্দ হবে না।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, এ ভোট তাদের প্রথম প্রকৃত রাজনৈতিক উচ্চারণ। দীর্ঘদিন ভোটাধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে না পারার যে বাস্তবতায় তারা বেড়ে উঠেছে, তার অবসান ঘটানোর সুযোগ এসেছে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে।
নারীদের অবদানের কথা তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি গণআন্দোলনে নারীরা সম্মুখসারিতে ছিলেন। পরিবার, সমাজ ও অর্থনীতিতে নারীরাই পরিবর্তনের শক্ত ভিত গড়ে তুলেছেন-হোক তা ক্ষুদ্রঋণ, কুটির শিল্প কিংবা নারী উদ্যোক্তা হিসেবে।
তিনি বলেন, দীর্ঘদিন রাষ্ট্রীয় সিদ্ধান্তে মত প্রকাশের সুযোগ থেকে বঞ্চিত নারীদের জন্য এই নির্বাচন একটি নতুন সূচনা। ঘর ও রাজপথে সমানভাবে সংগ্রাম করা নারীরাই নতুন বাংলাদেশের অন্যতম কারিগর হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কী-ওয়ার্ডসঃভোটাধিকার,প্রধান উপদেষ্টা ভাষণ,ত্রয়োদশ সংসদ নির্বাচন