চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে বিএনপি প্রার্থী,সাবেক এমপি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হারুনুর রশীদ বলেছেন, আসন্ন নির্বাচনে স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ধানের শীষে ভোট দিতে হবে। বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করে। জন কল্যাণে কাজ করে। বিএনপি থাকলে দেশে আইন থাকে। বিএনপির প্রতি মানুষের আস্থা রয়েছে। কাজেই জেনে শুনে ভোট দিতে হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হারুন। জামায়াতের কঠোর সমালোচনা করে তিনি বলেন, জামায়াত স্বাধীনতা বিরোধি শক্তি। রাজাকারদের প্রজন্ম। তারা গুজব সৃষ্টি করে। অপপ্রচার চালায়। কাজেই মোনাফেকদের ভোট দেয়া যাবে না। তারা বলেছিল পিআর ছাড়া ভোট করব না। গণভোট না হলে ভোট করব না। জামায়াত নিজেদের লোকদের সাজিয়ে দল বদলের নাটকও করেছে।
তিনি প্রশ্ন করেন, ইসলাম নামে দল হলেই কি ভোট দিতে হবে? বেগম খালেদা জিয়া নারীদের জন্য অনেক কাজ করে গেছেন উল্লেখ করে হারুন বলেন, এখন বিএনপি বিজয়ী হলে তারেক রহমানও করবেন। অন্তবর্তী সরকারের কঠোর সমালোচনা করে হারুন বলেন,সরকার বিদেশী ইন্ধনে সংস্কারের নামে বিশৃঙ্খলা করেছে। গনভোট মানুষকে বিভ্রান্ত করেছে। অনেকগুলো মিশ্রিত বিষয়ে একসাথে ‘হ্যা’ বা ‘না’ ভোট দিতে হবে। কেউ যদি কোন বিষয়ে হ্যা দিতে চায় আবার কোন বিষয়ে না দিতে চায় তাহলে কি করবে?
সভার প্রধান বক্তা,হারুনের সহধর্মীনী ও সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বলেন,জামায়াতের গঠনতন্ত্রে চাঁদাবাজি রয়েছে। তারা হাদিয়া,ইয়ানত সহ বিভিন্ন নামে টাকা নেয়। জামায়াত বিএনপিকে উৎখাত করতে চায়। আর বিএনপি সকল ধর্ম,বর্ন,মতের মানুষকে নিয়ে দেশ গড়তে চায়। জামায়াত রাজনৈতিক পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলে। অথচ উদহারণ তুলে ধরে তিনি বলেন, বেশ কয়েকজন জামায়াত নেতার ছেলেকে এবার তারা মনোনয়ন দিয়েছে।
পাপিয়া আরও বলেন, ভোট নিয়ে কোন ছলছাতুরী সহ্য করা হবে না। ১২ তারিখের পর আর জামায়াতকে মন্দির ভেঙ্গে আবার মন্দিরেরই পাহারাদার হতে দেয়া হবে না। ১২ তারিখের নির্বাচন হবে স্বাধীনতা রক্ষার। গনতন্ত্র রক্ষার। তালেবান ঠেকানোর নির্বাচন। স্বাধীনতা রক্ষার প্রতীক হচ্ছে ধানের শীষ।
সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়াম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় অনান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।