চাঁপাইনবাবগঞ্জে আচরণবিধি লংঘন করে প্রচারণার দাড়িপাল্লা ও ধানের শীষের উঁচু প্রতীক অপসারণ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০২-০৬ ১৯:৩৯:৪৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরনবিধি লংঘন করে ৩ মিটারের (প্রায় ১০ ফুট) অধিক উচ্চতার প্রচারণার দাড়িপাল্লা প্রতীক ঝোলানো টাওয়ার সদৃশ স্তম্ভ ও ধানের শীষের বাঁশ নির্মিত উঁচু প্রতীক অপসারণ শুরু করেছে নির্বাচনী দায়িত্ব পালনে নিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিষ্টেটগণ। শুক্রবার (৬ জানুয়ারী) সকাল ১১টার দিক থেকে দুপুর প্রায় ১টা পর্যন্ত শিবগঞ্জ পৌর সহ  উপজেলার কানসাট,ছত্রাজিতপুর সহ বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী নিয়ে  নিয়মিত নজরদারির সময় দাড়িপাল্লা প্রতীকের বেশ কয়েকটি টাওয়ার  ও উঁচু ধানের শীষ প্রতীক নজরে এলে তা অপসারণ করা হয় এবং অবশিষ্টগুলো  নিজ উদ্যোগে অপসরানের জন্য সংশ্লিস্টদের নির্দেশনা দেয়া হয়। শিবগঞ্জ পৌরসভার কর্মীরা অভিযানে সহায়তা করেন।
শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ এবং এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাব্বির আহমেদ রোবেল বলেন,সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার ৭(জ) ধারা লংঘন হওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। বিধি অনুযায়ী  নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত কোন প্রতীক ৩ মিটারের অধিক  দৈর্ঘ্য,প্রস্থ বা উচ্চতায় নির্মাণ করা যাবে না। চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের দাড়িপাল্লা ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সহ সংশ্লিস্টদের  এ ব্যাপারে সতর্ক করে নিজ উদ্যেগে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
শিবগঞ্জের সহকারী রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)  আশিক আহমেদ বলেন, এ ধরণের অভিযান অব্যহত থাকবে। উল্লেখ্য,  শিবগঞ্জ আসনে দাড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াত প্রার্থী কেরামত আলী ও ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির শাহজাহান মিঞা প্রতিদ্বন্দিতা করছেন।
ম্যাজিষ্টেট সাব্বির আরও বলেন, এর আগে ওই আইনের ১৩(ক) ধারা লংঘিত হওয়ায় গত বুধবার(৪ জানুয়ারী) রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরে বিশ^রোড মোড় ও  নতুন ষ্টেডিয়াম এলাকায় দাড়িপাল্লা প্রতীকের দুটি তোরণ  ভেঙ্গে দেয়া হয়। এছাড়া ওই রাতে বিধি ভেঙ্গে প্রচারণার প্রতীক আলোকসজ্জা করায় জেলা শহরের দাড়িপাল্লা প্রতীকের এক কর্মী ও ধানের শীষ প্রতীকের এক কর্মীকে ৫ হাজার টাকা করে অর্থদন্ড করা হয়।