আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসীদের অংশগ্রহণে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের পাঠানো ব্যালটের মধ্যে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নকারী ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৮ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। ইতোমধ্যে ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন বলেও জানান তিনি।
পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট দিয়ে সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমে ব্যালট পাঠানোর হারও সন্তোষজনক বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। এ পর্যন্ত ৪ লাখ ৪৪ হাজার ৯৫২ জন প্রবাসী ভোটার তাদের পূরণ করা ব্যালট স্থানীয় পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন।
এর মধ্যে ১ লাখ ৭ হাজার ১৬৮টি ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন। অবশিষ্ট ব্যালটগুলো ধাপে ধাপে দেশে পৌঁছাচ্ছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র।
প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের জন্যও পোস্টাল ব্যালট কার্যক্রম চালু রেখেছে নির্বাচন কমিশন। আইসিপিভি ব্যবস্থার আওতায় এখন পর্যন্ত দেশের ভেতরে ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ২ লাখ ৬০ হাজার ৪৪৭ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ২ লাখ ১১ হাজার ১২২ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন এবং ১ লাখ ৬৮ হাজার ৫১৯ জন ভোটার তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
দেশের ভেতরে পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে এখন পর্যন্ত ২৭ হাজার ৩৬৭টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে।
সালীম আহমাদ খান আরও জানান, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এই সংখ্যা পোস্টাল ভোট ব্যবস্থার প্রতি ভোটারদের আস্থার প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।
কী-ওয়ার্ডসঃপোস্টাল ভোট,প্রবাসী ভোটার,নির্বাচন ২০২৬