কারাবন্দী এমডির চুক্তি বাতিল,বিমানের দায়িত্বে ড. হুমায়রা সুলতানা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-০৩ ২০:৫১:০৮
image

ফৌজদারি মামলায় কারাবন্দী হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। তার স্থলে সংস্থাটির অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে।
মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, ড. মো. সাফিকুর রহমান বর্তমানে ফৌজদারি অভিযোগে কারাবন্দী থাকায় তার সঙ্গে সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো।
এতে আরও বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের কার্যক্রম সুষ্ঠু ও দক্ষভাবে পরিচালনার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ পদে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে গত রোববার গভীর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ড. সাফিকুর রহমান, তার স্ত্রী ও দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সরকারি ও বেসামরিক বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থার শীর্ষ পদে প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কী-ওয়ার্ডস:বিমান বাংলাদেশ,এমডি নিয়োগ বাতিল,ড. হুমায়রা সুলতানা