এপস্টেইন ফাইল উন্মোচনের পথে:ধনকুবেরের অন্ধকার সাম্রাজ্য ও ক্ষমতার অলিগলি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০২-০৩ ১০:২৮:২৭
image

যৌন অপরাধ ও মানবপাচারের অভিযোগে অভিযুক্ত মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইনকে ঘিরে বিশ্বজুড়ে দীর্ঘদিনের রহস্য ও বিতর্ক নতুন করে তীব্র হচ্ছে। ২০১৯ সালে নিউ ইয়র্কের একটি কারাগারে বিচারাধীন অবস্থায় তার রহস্যজনক মৃত্যুর পর যে প্রশ্নগুলো অমীমাংসিত ছিল, সেগুলো আবার সামনে এসেছে যুক্তরাষ্ট্রে গোপন নথি প্রকাশের উদ্যোগের ফলে।
২০২৫ সালের নভেম্বরে মার্কিন কংগ্রেসে পাস হওয়া ‘এপস্টেইন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্ট’-এ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের পর এপস্টেইন-সংক্রান্ত গোপন নথিপত্র ধীরে ধীরে জনসমক্ষে আসছে। এতে তার অপরাধের বিস্তৃতি, প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক এবং বিচারব্যবস্থার ব্যর্থতা নতুন আলোচনার জন্ম দিয়েছে।
নিউ ইয়র্কে বেড়ে ওঠা এপস্টেইন কর্মজীবনের শুরুতে একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করলেও দ্রুতই ওয়াল স্ট্রিটে জায়গা করে নেন। ‘বেয়ার স্টার্নস’-এ যোগ দিয়ে অল্প সময়ের মধ্যেই পার্টনার হওয়া এবং পরে নিজস্ব বিনিয়োগ প্রতিষ্ঠান গড়ে তুলে তিনি বিপুল সম্পদের মালিক হন। নিউ ইয়র্ক, ফ্লোরিডা ও নিউ মেক্সিকোতে বিলাসবহুল বাড়ি এবং একটি ব্যক্তিগত দ্বীপ তার প্রভাবের প্রতীক হয়ে ওঠে।
তবে তার অর্থনৈতিক সাফল্যের আড়ালে গড়ে উঠেছিল একটি ভয়াবহ অপরাধচক্র। ২০০৫ সালে এক কিশোরীর অভিযোগে প্রথম তদন্ত শুরু হলেও ২০০৮ সালে বিতর্কিত সমঝোতার মাধ্যমে তিনি কার্যত কঠিন শাস্তি এড়িয়ে যান। এই ‘প্লি ডিল’ মার্কিন বিচারব্যবস্থার ইতিহাসে অন্যতম বিতর্কিত ঘটনা হিসেবে পরিচিত।
২০১৯ সালে নতুন করে মানবপাচারের অভিযোগে গ্রেফতার হওয়ার পর কারাগারেই এপস্টেইনের মৃত্যু ঘটে, যা আজও রহস্যের আবরণে ঢাকা। তার মৃত্যুর পর ঘনিষ্ঠ সহযোগী গিজলেন ম্যাক্সওয়েল দোষী সাব্যস্ত হয়ে দীর্ঘ কারাদণ্ড পান।
এপস্টেইনের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিদের যোগাযোগের তথ্য প্রকাশ পাওয়ায় বিষয়টি কেবল একটি অপরাধের কাহিনি নয়, বরং ক্ষমতা, প্রভাব ও দায়মুক্তির ভয়ংকর বাস্তবতা হিসেবে দেখা দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, প্রকাশিত নথিপত্র ভবিষ্যতে আরও বিস্ফোরক তথ্য সামনে আনতে পারে, যা বিশ্ব রাজনীতি ও নৈতিকতার প্রশ্নকে নতুন করে নাড়া দেবে।

কী-ওয়ার্ডস:জেফরি এপস্টেইন,এপস্টেইন ফাইল,যৌন পাচার মামলা