কূটনৈতিক টানাপোড়েনের মাঝেও বাংলাদেশে অনুদান বাড়াল ভারত, চাবাহার থেকে সরে গেল নয়াদিল্লি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০২-০২ ২৩:২৮:২০
image

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাংলাদেশের জন্য অনুদান ও সহায়তার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ভারত। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে বাংলাদেশের জন্য ৬০ কোটি ভারতীয় রুপি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৭৪ শতাংশ বেশি।
ভারতীয় সংবাদমাধ্যম *দ্য হিন্দু বিজনেস লাইন* জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব আলোচিত হলেও নয়াদিল্লি ঢাকা’র জন্য অর্থসহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি ভারতের আঞ্চলিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
এর আগের অর্থবছরে সংশোধিত হিসাবে বাংলাদেশকে ৩৪ কোটি ৪৮ লাখ রুপি অনুদান দিয়েছিল ভারত। যদিও প্রাথমিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের জন্য ১২০ কোটি রুপি বরাদ্দের প্রস্তাব করেছিল, পরে তা কমিয়ে আনা হয়।
একই সঙ্গে ভারতের প্রস্তাবিত বাজেটে ইরানের চাবাহার বন্দরের জন্য অনুদান পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার চাপের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ২০২৪–২৫ অর্থবছরে চাবাহার বন্দরের জন্য ভারত ৪০০ কোটি রুপি বরাদ্দ দিয়েছিল এবং পরবর্তী সংশোধিত বাজেটে আরও ৪০০ কোটি রুপির প্রতিশ্রুতি ছিল।
নতুন অর্থবছরে আফগানিস্তানের জন্যও ভারতের অনুদান বাড়ানো হয়েছে। আগের অর্থবছরে যেখানে দেশটি ১০০ কোটি রুপি পেয়েছিল, সেখানে এবার বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ১৫০ কোটি রুপিতে।
বরাবরের মতোই ভারতের কাছ থেকে সর্বোচ্চ সহায়তা পাচ্ছে ভুটান। দেশটির জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ২৮৮ কোটি রুপি, যার মধ্যে ১ হাজার ৭৬৯ কোটি রুপি অনুদান এবং ৫২০ কোটি রুপি ঋণ। এটি আগের অর্থবছরের তুলনায় ১৭ শতাংশ বেশি। অন্যদিকে নেপাল, মালদ্বীপ ও মরিশাসের জন্য সহায়তার পরিমাণ কমানো হয়েছে।
সব মিলিয়ে ২০২৬–২৭ অর্থবছরে বিদেশি সরকারগুলোর জন্য ভারত মোট ৮ হাজার ৭৯২ কোটি রুপি অনুদান ও ঋণ দেওয়ার প্রস্তাব রেখেছে, যা আগের অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ২৭ শতাংশ কম। এর মধ্যে ৬ হাজার ৯৯৭ কোটি রুপি আসবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং অতিরিক্ত ১ হাজার ৭৯৪ কোটি রুপি দেবে অর্থ মন্ত্রণালয়। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ভারতের বিদেশি সহায়তা নীতিতে কৌশলগত ও আর্থিক পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে।

কী-ওয়ার্ডস:ভারত–বাংলাদেশ সম্পর্ক,ভারতের বাজেট,বিদেশি অনুদান