যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের আভাসে বিশ্ববাজারে তেলের দামে বড় ধস

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০২-০২ ২৩:১৭:৫৯
image

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমতে পারে—এমন ইঙ্গিত পাওয়ার পর বিশ্ববাজারে একদিনেই জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান আলোচনায় বসতে প্রস্তুত বলে মন্তব্য করার পর বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়, যার সরাসরি প্রভাব পড়ে তেলের বাজারে।
এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি কমে যায়। লন্ডনের ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৮১ ডলার বা ৪ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৫১ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৭০ ডলার বা ৪ দশমিক ১ শতাংশ কমে ৬২ দশমিক ৫১ ডলারে নেমে এসেছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার কারণে তেলের দাম ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তবে ট্রাম্পের আলোচনায় আগ্রহ প্রকাশ এবং ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার পক্ষ থেকে সামরিক মহড়ার কোনো পরিকল্পনা নেই—এমন ঘোষণায় বাজারে চাপ কিছুটা হালকা হয়েছে।
এদিকে ওপেক প্লাস জোট মার্চ মাসে অপরিশোধিত তেল উৎপাদন অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি মৌসুমি চাহিদা দুর্বল থাকায় আপাতত উৎপাদন বাড়ানোর পরিকল্পনাও স্থগিত রাখা হয়েছে, যা তেলের দামে নিম্নমুখী প্রবণতাকে আরও জোরালো করেছে।

কী-ওয়ার্ডস:তেলের দাম,যুক্তরাষ্ট্র–ইরান,বিশ্ব জ্বালানি বাজার