নারীর সম্মান ও ভোটাধিকার রক্ষাই দেশপ্রেমের মাপকাঠি: খুলনায় তারেক রহমান

  • খুলনা সংবাদদাতা
  • ২০২৬-০২-০২ ২৩:০৭:৩২
image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা নারীদের অসম্মান করে, মিথ্যার ওপর রাজনীতি দাঁড় করায় এবং জনগণের ভোটাধিকার কেড়ে নেয়—তারা কোনোভাবেই দেশপ্রেমিক বা জনদরদি শক্তি হতে পারে না। নারীর মর্যাদা যেখানে নেই, সেখানে দেশের নিরাপত্তাও নিশ্চিত হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, ইতিহাস সাক্ষী—যারা নারীদের সম্মান দিতে জানে না, তারা সুযোগ পেলে কীভাবে নারীদের ওপর নির্যাতন চালায়, তা একাত্তর সালেই জাতি দেখেছে। তাই নারীবিরোধী ও অসত্যের রাজনীতি দেশ ও জনগণের জন্য ভয়ংকর।
তারেক রহমান অভিযোগ করেন, গত টানা ১৬ বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচনেও জনগণ নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পায়নি। এ সময় মানুষের মতপ্রকাশের অধিকার রুদ্ধ করা হয়েছে; প্রতিবাদ করলেই অনেককে গুম, হত্যা কিংবা রাতের আঁধারে তুলে নেওয়ার শিকার হতে হয়েছে।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে দল-মত নির্বিশেষে দেশের মানুষ রাজপথে নেমে স্বৈরাচারের অবসান ঘটিয়েছে। এখন সময় এসেছে জনগণের হারানো অধিকার পুনরুদ্ধারের। আগামী ১২ তারিখ ইনশাল্লাহ মানুষ সেই ভোটাধিকার প্রয়োগ করবে, যা থেকে এক যুগেরও বেশি সময় ধরে তাদের বঞ্চিত করে রাখা হয়েছিল।
বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, এই কার্ডের মাধ্যমে কৃষিঋণ, সার, বীজ ও কীটনাশক সহজে পাওয়া যাবে। পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।
তিনি আরও বলেন, নারী সমাজকে স্বাবলম্বী করা, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার সঠিক পরিবেশ নিশ্চিত করা এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলাই বিএনপির মূল লক্ষ্য। সরকার গঠন করলে প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে নারীরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উঠবে।
খুলনার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, এক সময়ের শিল্পনগরী খুলনা আজ মৃতপ্রায়। বিএনপি সরকার গঠন করলে এই অঞ্চলকে আবারও প্রাণবন্ত শিল্পাঞ্চলে রূপান্তর করা হবে এবং নারী-পুরুষ নির্বিশেষে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
তিনি জোর দিয়ে বলেন, দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে নিয়েই বাংলাদেশ গড়তে হবে। একটি শ্রেণিকে বাদ দিয়ে কখনোই টেকসই রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয়।

কী-ওয়ার্ডস:তারেক রহমান,ভোটাধিকার,বিএনপি জনসভা